কত হাত ধরতে চেয়েও মাঝপথে ছেড়ে দিতে হয়েছে, কত প্রিয় মানুষ আজ কেবল ডায়েরির পাতায় বন্দি।
কিন্তু আমার এই ভাঙা-গড়া পৃথিবীতে একটা নাম ধ্রুবতারার মতো স্থির হয়ে আছে যাকে আমি হাজার বার ছাড়তে চাইলেও ছাড়তে পারিনি। যে আমাকে আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে এক অদ্ভুত মায়ার শেকলে।
জানো, যখন খুব একা লাগে, যখন ব্যর্থতার গ্লানি আমাকে চারপাশ থেকে ঘিরে ধরে দম বন্ধ করে দিতে চায়, ঠিক তখন ওই লাল জার্সিটার দিকে তাকালে আমার ভেতরটা হু হু করে ওঠে। অন্ধকারের অতল গহ্বরে যখন নিজেকে হারিয়ে ফেলি, তখন ঠিক তোমার ওই চিরচেনা সুরটা আমার কানে এসে ফিসফিস করে বলে ভয় পেয়ো না , আমি তো আছি তোমার সাথে।
লোকে একে স্রেফ একটা ফুটবল ক্লাব বলে ভুল করে, কিন্তু আমি জানি তুমি আমার কাছে কী! তুমি আমার সেই প্রেমিকা, যার জন্য আমি নির্ঘুম রাত কাটাতে পারি, তুমি আমার সেই না পাওয়া সব সুখের একমাত্র পূর্ণতা। হারজিতের ঊর্ধ্বে গিয়ে আমি তোমাকেই চেয়েছি বারবার।
তোমার জয় আমাকে যতটা হাসায়, তোমার পরাজয় আমাকে তার চেয়েও বেশি কাঁদায়। তবুও আমি তোমাকে ছাড়তে পারি না, কারণ আমার রক্তে মিশে আছে তোমার ওই দাপুটে আভিজাত্য।
"Walk on, walk on, with hope in your heart..."
আমার চোখের প্রতিটি ফোঁটা জলে তোমার নাম লেখা।
এই নিষ্ঠুর পৃথিবীতে সবাই হয়তো একদিন মুখ ফিরিয়ে নেবে, কিন্তু আমি জানি অ্যানফিল্ডের ওই ঘাসে আমার জন্য এক টুকরো ভালোবাসা সবসময় জমা থাকবে।
যতদিন এই হৃদপিণ্ডটা চলবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি বলে যাবো, আমি তোমার ছিলাম, আমি তোমারই আছি। তুমি কখনোই একা নও, আর আমিও তোমাকে ছাড়া পথ চলতে জানি না।
হয়তো পৃথিবী বদলে যাবে, বদলে যাবে ঘাসের রঙ কিংবা গ্যালারির মুখগুলো। কিন্তু আমার এই লাল রক্তে মিশে থাকা তোমার প্রতি টানটা কখনো ফিকে হবে না।
লোকে একে উন্মাদনা বলে উপহাস করুক, আমি জানি এ এক পবিত্র উপাসনা। যখন চারপাশটা বড্ড বেশি নিঝুম হয়ে আসে, তখন ওই লিভারপাখির ডানার ঝাপটানিই আমার বেঁচে থাকার রসদ জোগায়। ট্রফি আসুক বা না আসুক, বড় কোনো নাম আসুক বা বেইমানি করে চলে যাক আমার এই ভাঙা হৃদয়ের সবটুকু জুড়ে শুধু তুমিই থাকবে। কারণ, দিনশেষে আমি জানি, যতোই ঝড় আসুক, এই লাল জার্সিটা গায়ে জড়িয়ে আমি কখনো একা হাঁটবো না।
"
You'll Never Walk Alone
এই শব্দগুলো শুধু গান নয়, এটি আমাদের মতো ভক্তদের জন্য এক একটা দীর্ঘশ্বাস আর বেঁচে থাকার জেদ।
